সমালোচনা সবসময়ই থাকবে, আমাকে এসব ভাবায় না: রোনালদো
ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ চার ম্যাচে জয়হীন ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। আগের ম্যাচেই নিজেদের মাঠে তারা ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল লিভারপুলের কাছে। তাতে ভীষণ চাপে পড়ে গিয়েছিল রেড ডেভিলরা। কোচ ওলে গানার সুলশার ও ক্লাব সতীর্থদের পাশাপাশি সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দারুণ জয়ে ব্যর্থতার বৃত্ত ভাঙার পর পর্তুগিজ মহাতারকা বললেন, এসব নিয়ে ভাবেন না তিনি।
শনিবার রাতে টটেনহ্যামের মাঠে ৩-০ গোলে জিতেছে প্রিমিয়ার লিগের সফলতম দল ইউনাইটেড। তাদের জয়ের নায়ক রোনালদো। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার নিজে চোখ ধাঁধানো এক গোল করার পাশাপাশি এদিনসন কাভানির গোলে রাখেন অবদান।
স্বস্তির জয়ের পর ম্যান ইউনাইটেডের অফিসিয়াল ওয়েবসাইটকে রোনালদো বলেছেন, সমালোচনা কানে তোলেন না তিনি, 'সমালোচনা সবসময়ই থাকবে, আমাকে এসব ভাবায় না। কারণ আমি ১৮ বছর ধরে ফুটবল খেলছি। তাই আমি জানি, একদিন (লোকেরা বলবে) আমারা নিখুঁত এবং আরেক দিন (তারা বলবে) আমরা জঘন্য।'
লিগে চার ম্যাচ পর জালের ঠিকানা খুঁজে পাওয়া ৩৬ বছর বয়সী তারকার মনোযোগ থাকে ঘুরে দাঁড়ানোর দিকে, 'আমি জানি, আমাকে সেসব (সমালোচনা) মোকাবিলা করতে হবে। তবে লোকেরা যদি আপনার প্রশংসা করে এবং আপনাকে নিয়ে খুশি থাকে, তাহলে সেটা সবসময়ই দারুণ। জীবনটা এমনই। মাঝে মাঝে আমাদের খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয় এবং আমাদের (নিজেদেরকে) বদলাতে হয়। আর আজ (শনিবার) আমরা বদলাতে পেরেছি।'
টানা বাজে ফলের কারণে চাপে থাকলেও কঠিন সময় পেরিয়ে যাওয়ার আত্মবিশ্বাস ছিল রোনালদোদের, 'দল কিছুটা চাপের মধ্যে ছিল। কিছুটা বিমর্ষও ছিল। তবে আমরা জানতাম যে আমরা জবাব দিতে পারব। আমরা ভালো খেলেছি। আমরা খুব ভালোভাবে ম্যাচটা শুরু করেছিলাম।'
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড মালিক নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের, 'অবশ্যই আমার কাজ হলো, আমার অভিজ্ঞতা, গোল ও অ্যাসিস্ট দিয়ে দলকে সাহায্য করা। আমি আজ (শনিবার) সেটা পেরেছি। আমি সেটা নিয়ে খুবই সন্তুষ্ট। আর দলের দিক থেকে বিবেচনা করলে, আমার মতে, এটা ছিল অবিশ্বাস্য একটা পারফরম্যান্স।'
প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে ইউনাইটেড। ১০ ম্যাচে তাদের অর্জন ১৭ পয়েন্ট। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে চেলসি। ১৫ পয়েন্ট পাওয়া টটেনহ্যাম নেমে গেছে আট নম্বরে।