স্ত্রাসবুর্গের বিপক্ষে অভিষেক হচ্ছে না মেসির, নেইমারও নেই

স্পোর্টস ডেস্ক

ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুমে ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) খেলবে স্ত্রাসবুর্গের বিপক্ষে। বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি যোগ দেওয়ার পর এটি তাদের প্রথম ম্যাচও বটে। তবে আর্জেন্টাইন তারকাকে পিএসজির জার্সিতে দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হচ্ছে ফুটবলপ্রেমীদের।

গত সপ্তাহে ত্রোয়েসের মাঠে ২-১ গোলে জিতে লিগ ওয়ানের ২০২১-২২ মৌসুম শুরু করেছে পিএসজি। এবারে পার্ক দে প্রিন্সেসে তাদের প্রতিপক্ষ স্ত্রাসবুর্গ। ম্যাচটি শুরু হবে রবিবার (১৫ অগাস্ট) বাংলাদেশ সময় রাত একটায়।

এই ম্যাচকে সামনে রেখে ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। অনুমিতভাবেই সেখানে নেই রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী মেসির নাম। পচেত্তিনো আগেই জানিয়েছিলেন, প্যারিসে মেসির অভিষেক নিয়ে কোনো তাড়াহুড়োয় যেতে চান না তিনি। মেসির পাশাপাশি স্কোয়াডে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের নামও অনুপস্থিত। ত্রোয়েসের বিপক্ষেও খেলেননি তিনি, ছিলেন না বেঞ্চেও।

আরও এক ঝাঁক তারকাকে ছাড়াই স্কোয়াড দিয়েছেন পিএসজি কোচ। বিশ্রাম পাওয়াদের মধ্যে আছেন দুই আর্জেন্টাইন আনহেল দি মারিয়া ও দুই ইতালিয়ান মার্কো ভেরাত্তি ও জিয়ানলুইজি দোন্নারুমা। তবে গত ম্যাচে লক্ষ্যভেদ করা মাউরো ইকার্দি ও আশরাফ হাকিমি স্কোয়াডে আছেন। পচেত্তিনো রেখেছেন বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকেও।

গত মাসে জাতীয় দল আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জেতার পর লম্বা সময় বিশ্রাম নেন মেসি। ছুটি কাটিয়ে ফিরে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু লা লিগার আর্থিক ও কাঠামোগত বাধায় প্রক্রিয়াটি ভেস্তে যায়। ফলে দীর্ঘ ২১ বছরের বার্সা-অধ্যায় শেষ করে গত মঙ্গলবার তিনি যোগ দিয়েছেন পিএসজিতে।

ইতোমধ্যে নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করলেও মেসি মাঝে ফুটবলের বাইরে ছিলেন বেশ কয়েক দিন। তাই তার বহুল প্রতীক্ষিত অভিষেকের আগে সময় নিতে চাইছে পিএসজি। মেসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তারা।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, আগামী ৩০ অগাস্ট রাঁসের মাঠে প্রথমবারের মতো পিএসজির জার্সিতে দেখা যেতে পারে মেসিকে। তবে বিকল্প একটি ভাবনাও রয়েছে ফরাসি ক্লাবটির। আন্তর্জাতিক বিরতির পর আগামী ১৩ সেপ্টেম্বর পার্ক দে প্রিন্সেসে ক্লেরমন্ত ফুতের বিপক্ষে অভিষেক হতে পারে ৩৪ বছর বয়সী  ফরোয়ার্ডের।