‘হ্যান্ড অব গড’ জার্সি নিলামে, দাম উঠতে পারে ৫০ লাখ ডলারের বেশি

স্টার অনলাইন ডেস্ক

দিয়েগো আরমান্দো ম্যারাডোনা—এমন নাম যা বাংলাদেশসহ সারা বিশ্বের ঘরে ঘরে সুপরিচিত। জাদুকরী ড্রিবলিং ও গোলের অসামান্য দক্ষতার মাধ্যমে লাখো হৃদয়ে স্থান নিয়েছেন তিনি।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে একটি গোল করেছিলেন আর্জেন্টাইন ফুটবলের 'সোনালি বালক' ম্যারাডোনা। তুমুল বিতর্কিত সে গোলের পর ম্যারাডোনা সেটিকে 'ঈশ্বরের হাত' হিসেবে অভিহিত করেছিলেন।

সেদিনের খেলায় প্রথাগত আকাশী নীল আর সাদার জার্সির বদলে তার পরনে ছিল আর্জেন্টিনার গাড় নীল রঙের দ্বিতীয় জার্সি।

ধারণা করা হচ্ছে, আসন্ন নিলামে এই জার্সির দাম সোয়া ৫ মিলিয়ন ডলার (প্রায় ৪৫ কোটি টাকা) বা তারচেয়েও বেশি উঠতে পারে।

এতদিন এই জার্সি ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার স্টিভ হজের কাছে ছিল। তিনি সেদিনের খেলায় ২-০ গোলে পরাজিত হওয়ার পর ম্যারাডোনার সঙ্গে জার্সি বিনিময় করেছিলেন।

খেলা চলাকালে হজ ইংল্যান্ডের পেনাল্টি বক্সের কাছাকাছি জায়গায় অনিচ্ছাকৃতভাবে পায়ের আঘাতে আকাশে বল উড়িয়ে দেন এবং ম্যারাডোনা তথাকথিত 'ঈশ্বরের হাত' ব্যবহার করে গোল করেন।

দীর্ঘকায় গোলরক্ষক পিটার শিলটন লাফ দিয়েও বলের নাগাল পাননি। বল জালে জড়িয়ে গেলে আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে যায়।

পরবর্তীতে ম্যারাডোনা স্বীকার করেন যে সেটি 'হ্যান্ডবল' বা অবৈধ গোল ছিল। কিন্তু, মাঠে থাকা তিউনিসিয়ার রেফারি আলী বেনাকিউর লাইন্সম্যানের সঙ্গে আলাপ করে এটিকে বৈধ গোল হিসেবে ঘোষণা দেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন'র প্রতিবেদন মতে, নিলাম প্রতিষ্ঠান সথবি'স-এর মাধ্যমে জার্সিটি বিক্রি করা হবে।

প্রতিষ্ঠানের প্রধান ব্রাম ওয়াখটার বলেন, 'ঈশ্বরের হাত শুধুমাত্র খেলার জগতেই নয়, পুরো বিংশ শতাব্দীর ইতিহাসেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত।'

'সেই মুহূর্তের প্রতিক্রিয়া শুধু ফুটবল জগতেই থেমে থাকেনি। সেটি ঘটেছিল ব্রিটেনের সঙ্গে আর্জেন্টিনার ফকল্যান্ড যুদ্ধের অল্প কয়েকদিন পরেই। এই ঘটনা বিভিন্ন বই, সিনেমা ও প্রামাণ্যচিত্র তৈরিতে অনুপ্রেরণা জুগিয়েছে।'

'ম্যারাডোনাকে আমরা এখন স্মরণ করি সর্বকালের সর্বসেরা ফুটবলারদের একজন হিসেবে এবং সুনির্দিষ্ট করে বলতে গেলে, সেই খেলা তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ,' যোগ করেন তিনি।

ওয়াখটারের মতে, 'সেই কালজয়ী খেলায় শুধুমাত্র ঈশ্বরের হাত দিয়ে আসা গোল নয়, বরং শতাব্দীর সেরা গোলটিও হয়েছে। সেটিকে শুধুমাত্র ব্যক্তিগত নৈপুণ্যে করা সর্বকালের সর্বসেরা গোল হিসেবে বিবেচনা করা হয়।'

সে খেলায় ম্যারাডোনা ইংল্যান্ডের ৬ খেলোয়াড়কে কাটিয়ে আরও একটি অসাধারণ গোল করেছিলেন, যেটি ক্রীড়া সাংবাদিক, গবেষক, সমালোচক ও ভক্তদের মাঝে শতাব্দীর সেরা গোল হিসেবে বিবেচিত।

এর আগে নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছিল বাস্কেটবল তারকা বেব রুথের জার্সি। ১৯২৮-১৯৩০ সালে তিনি সেই জার্সি পরে ইয়াংকিস দলের পক্ষে বিভিন্ন খেলায় অংশ নেন।

বিবিসি'র প্রতিবেদন মতে, ২০১৯ সালের জুনে নতুন রেকর্ড গড়ে সেই জার্সিটি ৫০ লাখ ৬৪ হাজার ডলারে বিক্রি হয়েছিল।

এতদিন পর্যন্ত ম্যারাডোনার জার্সিটি ইংল্যান্ডের ম্যানচেস্টারে জাতীয় ফুটবল যাদুঘরের প্রদর্শনীতে ছিল। এর আগে কখনোই তা নিলামে উঠেনি।

ম্যারাডোনা জার্সি
ম্যারাডোনার সেই আলোচিত টিশার্ট। ছবি: সংগৃহীত

হজ বলেন, 'আমি প্রায় ৩৫ বছর ধরে গর্বের সঙ্গে সেই জার্সির মালিক ছিলাম। সেই বিখ্যাত খেলাটি শেষ হওয়ার পর দিয়েগো আর আমি নিজেদের মধ্যে জার্সি বিনিময় করেছিলাম।'

'সর্বকালের সেরা ও অসামান্য এক খেলোয়াড়ের বিরুদ্ধে খেলতে পারার বিষয়টি অত্যন্ত সম্মানজনক ছিল,' মন্তব্য হজের।

তিনি মনে করেন, 'জার্সিটি ফুটবল বিশ্ব, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মানুষের কাছে গভীর সাংস্কৃতিক মূল্য বহন করে। আমি নিশ্চিত, এর নতুন মালিক বিশ্বের সবচেয়ে আইকনিক ফুটবল শার্টের মালিক হতে পেরে খুবই গর্বিত হবেন।'

আগামী ২০ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত জার্সিটি কেনার অনলাইন নিলামে অংশ নেওয়া যাবে। এর আগে এটি লন্ডনে সথবি'স শোরুমে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।