উপাচার্যের পদত্যাগসহ ৩ দফা দাবিতে আন্দোলনের ঘোষণা শাবিপ্রবি শিক্ষার্থীদের

নিজস্ব সংবাদদাতা, সিলেট

উপাচার্যের পদত্যাগসহ ৩ দফা দাবিতে সোমবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা রাতে উপস্থিত সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন। 

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় উপাচার্যের জবাবদিহি, এ হামলার নির্দেশ দেওয়ায় উপাচার্যের ক্ষমা প্রার্থনা এবং উপাচার্যের পদত্যাগ।

শিক্ষার্থীরা বলেছেন, এই দাবি মানা না হলে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষণা করা হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থী হল ত্যাগ করবেন না।

এর আগে, রাত ১১টার দিকে শাবিপ্রবির শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশ ও ক্লাস-পরীক্ষা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেন। কিন্তু, পরে তারা ৩ দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়ে হলে ফিরে গেছেন এবং কাল সকাল আটটা থেকে আবার আন্দোলন শুরু করবেন।