জাবিতে বঙ্গবন্ধু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী রোববার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এন্ড হিজ লিগ্যাসি' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আন্তর্জাতিক জন-ইতিহাস ইন্সটিটিউট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, প্রত্নতত্ত্ব ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট ২ দিনের এই সম্মেলন আয়োজন করবে।
আজ শুক্রবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, 'বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। আমাদের সম্মেলনে বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণামূলক নিবন্ধের ওপর জোর দেওয়া হয়েছে। জার্মানি, সুইডেন, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদরা তাদের প্রবন্ধ পাঠ করবেন সম্মেলনে। অনলাইনে ও সরাসরি ১০২টি নিবন্ধ পাঠ করা হবে।'
তিনি আরও বলেন, 'এই সম্মেলনে আমরা মূলত তরুণ গবেষকদের গবেষণা কাজে উদ্বুদ্ধ করতে চাই। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ২৯ জন গবেষক আসবেন। এ ছাড়া, দেশের বিভিন্ন প্রান্ত থেকে গবেষকরা আসবেন।'
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ ছাড়া, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহিদুল্লাহ, জাবির উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার উপস্থিত থাকবেন।
সম্মেলনে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ শামস উল আলমকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।