জাবি শিক্ষার্থী নিখোঁজের ১৫ দিন, প্রশাসন ‘নিষ্ক্রিয়’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী জাহিদ হাসান রাজুর সন্ধানের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় রাজুর নিখোঁজের বিষয়ে প্রশাসন ‘নিষ্ক্রিয়’ বলে অভিযোগ করেছেন তারা।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় ১৫ দিন ধরে নিখোঁজ রাজুর পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনের পর এবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কোনো মূল্যে রাজুর সন্ধান দাবি করেছেন। প্রয়োজনে কোনো অপরাধ করলে তাকে শাস্তির আওতায় আনা কিংবা নিরপরাধ হলে অক্ষত অবস্থায় ফেরতের দাবি জানান তারা।
তবে, এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বপ্রণোদিত হয়ে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। স্নাতকোত্তরের একজন শিক্ষার্থী নিখোঁজ হলেও প্রশাসনের এমন ‘নিষ্ক্রিয়’ তৎপরতায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ বলেন, ‘পরিবারের পক্ষ থেকে রাজুর বোন-জামাই আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছিল। পল্লবী থানায় জিডি করার কথা জানান (পরবর্তীতে মামলা করেন) এবং তিনি পুলিশকে ফোন করে ‘তাড়া’ দেওয়ার কথা জানান। আমরা পুলিশের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।’
‘এখনো যে কোনো ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। তবে, করোনা মহামারির শাটডাউনের কারণে প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে পরিবারের যোগাযোগের একটু ‘গ্যাপ’ হতে পারে,’ যোগ করেন তিনি।
এদিকে মানববন্ধনে প্রত্নতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সৌমিক বাগচী বলেন, ‘একজন মানুষ বিভিন্ন কারণে নিখোঁজ হতেই পারে। কিন্তু, পনেরো দিন ধরে কাউকে খুঁজে পাওয়া যাবে না তা রাষ্ট্রে সমীচীন নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না, এটাও হতাশার বিষয়। রাজু ভাই যদি কোনো অপরাধ করে থাকে তাহলে সেটা সবার সামনে প্রকাশ করা হোক। কারণ একটা দেশে অপরাধ করলে আইনের প্রয়োগ করে শাস্তির বিধান আছে।’
তিনি আরও বলেন, ‘আশাকরি বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে। একটা সমাজ বা রাষ্ট্র এভাবে চলতে পারে না।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল হক রনি বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পনেরো দিন ধরে নিখোঁজ, এটা খুবই অবাক করা বিষয়। তাহলে একজন সাধারণ খেটে খাওয়া মানুষ যদি নিখোঁজ হয় তাহলে সে কতটা তাচ্ছিল্যের শিকার হয় ভাবার বিষয়। রাজু ভাইয়ের সন্ধান দিতে বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্টতই অনীহা দেখাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের গুম করার পর যেরকম মরদেহ খুঁজে পাওয়া যেত না, ঠিক বর্তমান সময়েও তেমনটা হচ্ছে। রাজু ভাই যদি ভিন্ন আদর্শের হয়েও থাকেন তাহলেও তার বিচার পাওয়ার অধিকার আছে। অনতিবিলম্বে রাজু ভাইকে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। ১৯৭১ সালের পরিস্থিতি যেন বাংলাদেশে আর ফিরে না আসে। যদি রাজু ভাইকে ফিরিয়ে দেওয়া না হয় তাহলে আন্দোলন কীভাবে করতে হয় সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জানা আছে।’
ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক তাসবিবুল গণি নিলয়ের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- রসায়ন বিভাগের শিক্ষার্থী রুস্তম আলী, দর্শন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিহান প্রমুখ।
রাজু ঢাকার মিরপুর ডি ব্লকের ৬ নম্বর সেকশনে বন্ধুদের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। গত ২৪ জুন রাতে এশার নামাজ পড়তে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফেরেননি। ২৬ জুন ঢাকার পল্লবী থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে রাজুকে অপহরণের অভিযোগে আর্থিক প্রতারণার জন্য একই থানায় একটি অভিযোগও দায়ের করা হয়।