ঢাবির হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীরা থাকতে পারবেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের থাকতে না দেওয়ার বিধান বাতিলের সুপারিশ করেছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।
স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী জানান, উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় এই সিদ্ধান্ত হয়েছে। শিগগির সিন্ডিকেট বৈঠকে প্রভোস্ট কমিটির সুপারিশ উপস্থাপন করা হবে। সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট সিদ্ধান্ত নেবে।
উপ উপাচার্য, প্রক্টর ও বিভিন্ন হলের প্রাধ্যক্ষদের নিয়ে দুই ঘণ্টা ধরে চলা এই বৈঠক আজ রাত ৮টায় শেষ হয়।
সুপারিশে স্ট্যান্ডিং কমিটি এটাও বলেছে, যে অন্তঃসত্ত্বা ছাত্রীদের উচিত হবে তাদের পরিবারের সঙ্গে থাকা।
ঢাবিতে ছাত্রীদের জন্য পাঁচটি আবাসিক হল রয়েছে। হলে সিট বরাদ্দের একটি বিধান নিয়ম অনুযায়ী, কোনো ছাত্রী বিবাহিত হলে হল কর্তৃপক্ষকে সেটা জানাতে হবে। এর ব্যত্যয় ঘটলে তার সিট বাতিল করা হবে। বিশেষ ক্ষেত্রে বিবাহিত ছাত্রী এক সেশনে হলে থাকার অনুমতি পেতে পারেন। কোন ছাত্রী অন্তঃসত্ত্বা হলেও হলে থাকতে পারবেন না।
আবাসনের এই নিয়ম নিয়ে সম্প্রতি ছাত্রীরা আপত্তি তোলেন।