পূজার ছুটির পরে খুলবে শাবিপ্রবির হল
অক্টোবরের মাঝামাঝি সময়ে আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টার'র সঙ্গে আলাপকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, পূজার ছুটির ভেতরে সব শিক্ষার্থীরা টিকা পেয়ে গেলে এবং সংক্রমণের হার কমে গেলে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। ইতোমধ্যে আমরা পরীক্ষা শেষ করেছি, তাই খুব বেশি চাপ নেই। তবুও নিয়ম অনুযায়ী আমরা বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার জন্য সব প্রস্তুতি নিচ্ছি। সব স্বাভাবিক থাকলে দূর্গা পূজার ছুটি শেষে ১৭ অক্টোবরের দিকে বিশ্ববিদ্যালয়ের হল খোলার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে গত মাসে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আমরা আলোচনায় বসেছিলাম। শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরও ভ্যাকসিনেশন গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জরাজীর্ণ মেডিকেল সেন্টারটি ইতোমধ্যে আমরা আধুনিকায়ন করেছি। আইসোলেশন সেন্টারও প্রস্তুত করা হয়েছে।
এ ছাড়া, আমাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সিলেটের কোভিড-১৯ সেবায় বিশেষায়িত মাউন্ট এডোরা হাসপাতালে চুক্তি রয়েছে। কোনো শিক্ষার্থী হলে থাকা অবস্থায় আক্রান্ত হলে আমরা আমাদের তত্ত্বাবধানে সেখানে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে পারবো। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা আমাদের সর্বোচ্চটা নিশ্চিত করবো, প্রয়োজনে শিক্ষার্থীদের পর্যাপ্ত স্বাস্থ্যসামগ্রীও প্রদান করবো। তবে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টিতে গুরুত্ব দিতে হবে— বলেন ফরিদ উদ্দিন।
তিনি আরও বলেন, শাবিপ্রবির হলে খুব বেশি বহিরাগত আগে থেকেই থাকতো না। আমরা অনেক আগেই বহিরাগত প্রবেশ ও থাকার বিষয়টি বন্ধ করতে গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়েছিলাম। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনা আছে। তাই হল খুললেও বহিরাগতদের হলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ রাখতে সব উদ্যোগ গ্রহণ করা হবে।