প্রতিবাদের মশালে আলোকিত শাবিপ্রবি

নিজস্ব সংবাদদাতা, সিলেট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের ৭ম দিন ও আমরণ অনশনের ১০২ ঘণ্টা শেষে রোববার রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসে মশাল মিছিল করেন প্রায় হাজারখানেক শিক্ষার্থী।

untitled_design_3.jpg
ছবি: শেখ নাসির/স্টার

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কিলোমিটার সড়ক, গোলচত্বর, চেতনা একাত্তর হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের একটি কুশপুত্তলিকা দাহ করেন।

untitled_design_1.jpg
বিশ্ববিদ্যালয়ের কিলোমিটার সড়ক, গোলচত্বর, চেতনা একাত্তর হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিছিলটি মুক্তমঞ্চে এসে শেষ হয়। ছবি: শেখ নাসির/স্টার

গত ১৩ জানুয়ারি শুরু হওয়া বেগম সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজার পদত্যাগ দাবির আন্দোলন ১৬ জানুয়ারি উপাচার্যকে অবরুদ্ধ করা এবং তারপর শিক্ষার্থীদের উপর পুলিশি অ্যাকশনের পর উপাচার্যের পদত্যাগের দাবির আন্দোলনে রূপ নেয়।

পরবর্তীতে গত বুধবার দুপুর ২টা ৫০ মিনিটে ২৪ জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। পরে গতকাল শনিবার রাতে ৩ জন এবং পরবর্তীতে আরো ২ জন অনশন কর্মসূচিতে যোগ দেন।

অনশনকারীদের মধ্যে ১৬ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে সংকট নিরসনে গত রাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হলেও, তাতে কোনো সিদ্ধান্ত আসেনি। আজ রোববার দিনে আবারো আলোচনার কথা ছিল। কিন্তু সেটিও হয়নি।

এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আজ রাতে এক জরুরি বৈঠক শেষে উপাচার্যের পদত্যাগের বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে অনুরোধ জানিয়েছে। গত ১৬ জানুয়ারি পুলিশি অ্যাকশনের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে সমিতি।