রাবিতে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাজী নজরুল ইসলাম মিলনায়তন সংস্কার কাজের সময় ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত শ্রমিকের নাম আলেক (৩৫)। তিনি নগরীর বেল পুকুর থানার কাপাশিয়া এলাকায় থাকতেন।
আজ শনিবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার আলী নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন শ্রমিক অডিটোরিয়ামের ছাদ পরিষ্কারের কাজ করছিলেন। সেসময় অসতর্কতাবশত ওই শ্রমিক নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিকল্পনা দপ্তর সূত্রে জানা গেছে, ৩টি ধাপে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় মিলনায়তনের সংস্কারের কাজ চলছে। যার মধ্যে সিভিলের কাজটি করছেন হোসেন এন্টারপ্রাইজ।
স্থানীয়ভাবে কাজটি দেখভাল করছে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলার বাসিন্দা মমতাজ উদ্দিন ডন।
শ্রমিকের নিরাপত্তা সরঞ্জামের ব্যাপারে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'শ্রমিকদের জন্য সেফটি গার্ডের ব্যবস্থা রয়েছে। তবে আমরা জেনেছি, নিহত শ্রমিক গার্ড পরে ছিলেন না।'
অডিটোরিয়াম সংস্কার কাজ দেখভালের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মিনহাজুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিরাপত্তা সরঞ্জাম থাকা সত্ত্বেও, সেগুলা না পরেই কাজ করছিলেন ওই শ্রমিক। ফলে এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে।'