রাবির বঙ্গবন্ধু হলে বিজয় দিবসকে ‘স্বাধীনতা দিবস’ বলে বিজ্ঞপ্তি

নিজস্ব সংবাদদাতা, রাবি

বিজয় দিবসকে 'স্বাধীনতা দিবস' বলে বিজ্ঞপ্তি প্রচার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু হলের নোটিশ বোর্ড, ডাইনিং,ক্যান্টিনসহ বিভিন্ন স্থানে টানানো বিজ্ঞপ্তিতে ভুল সম্বলিত এই লেখা শিক্ষার্থীদের নজরে আসে।

গতকাল বুধবার টানানো এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সকল আবাসিক ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, '১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস' উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানমালার অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।'

বিজয় দিবসকে স্বাধীনতা দিবস হিসেবে লেখা এই বিজ্ঞপ্তির সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশিষ্ট নাট্যকার ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক মলয় কুমার ভৌমিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই ভুলগুলো অনেক বেশি স্পর্শকাতর। নিষ্ঠা, আন্তরিকতার অভাবে এ ধরণের ভুলগুলো আমরা প্রায়ই করে ফেলি। আমরা আমাদের দায়িত্বশীলতার জায়গা দূরে সরে যাচ্ছি। সাধারণত কোনো বিষয় জনসম্মুখে প্রকাশের পূর্বে আমাদের উচিত সেটা পুনরায় যাচাই করে নেওয়া।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজকের দিনে এ ধরনের ভুল মেনে নেওয়া যায়না। বিজ্ঞপ্তি প্রচারের ক্ষেত্রে হল কর্তৃপক্ষের আরও বেশি আন্তরিক হওয়া প্রয়োজন ছিল। হল কর্তৃপক্ষ কীভাবে এতো বড় ভুল করে তা তদন্ত হওয়া দরকার।'

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মো. রওশন জাহিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্যে দুঃখ প্রকাশ করছি। আমরা জানা মাত্রই বিজ্ঞপ্তিটি সরিয়ে নিয়েছি।'