রাবি শিক্ষার্থীদের আবাসিক ও পরিবহন ফি মওকুফ
করোনাকালে শিক্ষার্থীদের আবাসিক হলের ভাড়া ও পরিবহন ফি মওকুফ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত ৫০৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত অনুযায়ী কোনো শিক্ষার্থীকে ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৮ মাস পর্যন্ত আবাসিক হলের ভাড়া ও পরিবহন ফি দিতে হবে না। একইসঙ্গে যেসব শিক্ষার্থীর কাছ থেকে ইতোমধ্যে এই ফি আদায় করা হয়েছে, তা যথাসময়ে সমন্বয় করা হবে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের লিখিত আবেদন বিবেচনা করে গতকাল বুধবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স কমিটির ৫৪৯তম সভায় ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৮ মাসের হলের আবাসিক ও পরিবহন ফি মওকুফের সুপারিশ করা হয়েছিল।