শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে ঢাকায় আসছে শিক্ষার্থীদের প্রতিনিধি দল
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ শুক্রবার দুপুর ৩টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের উপস্থিতিতে শিক্ষামন্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলেন তারা।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, 'আমরা চাই আমাদের সন্তানেরা ভালো থাকবে। তাদের যেনো কষ্ট না হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও ঠিক থাকবে। আপনারও ওখানে কষ্ট করছেন এটা দেখছি, অন্য সমস্যাও হচ্ছে, সেটাও দেখছি। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত্বশাসনের ব্যাপার আছে। আমরা তাতে দ্রুত হস্তক্ষেপ করতে চাই না। তবে শিক্ষার্থীরাও কষ্ট পাবেন এটাও চাই না।'
তিনি বলেন, 'সব সমস্যারই একটা সমাধান আছে। এই সমস্যারও নিশচয়ই সমাধান আছে। তবে আলোচনার মাধ্যমেই সেই সমাধান খুঁজে বের করতে হবে শিক্ষার্থীদের ৪-৫ জন যদি আসেন, শিক্ষক সমিতির নেতারা যদি আসেন তবে আমরা আলাপ করে একটা সমাধানে পৌঁছতেও পারবো।'
এরপর নিজেরা আলোচনা করে ঢাকায় এসে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তারা। কিছুক্ষণের মধ্যেই প্রতিনিধি দল ঢাকায় রওনা হবে বলে সাংবাদিকদের জাননো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও অন্যরা।