চরভদ্রাসনে আবারও পদ্মায় ভাঙন

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ৪ দিন বিরতি দিয়ে পদ্মা নদীতে আবারও ভাঙন শুরু হয়েছে। উপজেলার হরিরামপুর ইউনিয়নের ছবুল্লা শিকদারের ডাঙ্গী গ্রামে গতকাল শুক্রবার বিকেল থেকে ভাঙন শুরু হয়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই এলাকার বাসিন্দারা দ্য ডেইলি স্টারকে জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে ছবুল্লা শিকদারের ডাঙ্গীতে পদ্মা নদীর এ ভাঙন শুরু হয় এবং আজ শনিবার বিকেল পর্যন্ত ভাঙন অব্যাহত আছে।

এতে, ওই এলাকার বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যেতে শুরু করেছে। বসতভিটা ভেঙে যাওয়ার শঙ্কায় বাসিন্দারা ঘরবাড়ি ও মালামাল এবং গাছ কেটে নিতে শুরু করেছেন।

untitled_design_-_2021-09-25t200258.886.jpg
স্থানীয়রা জানান ভাঙনে গ্রামের অন্তত ৬০ শতাংশ ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। ছবি: সংগৃহীত

ভাঙনের ফলে বর্তমানে ছবুল্লা শিকদারের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় পদ্মা নদী থেকে মাত্র ৩১ মিটার দূরে আছে বলেও জানান স্থানীয়রা।

ওই গ্রামের বাসিন্দা শেখ লিটন জানান, শনিবার সকালে পদ্মা নদীর ভাঙনে অন্তত ৬০ শতাংশ ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে।

হরিরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সালাম ফকির দ্য ডেইলি স্টারকে জানান, গ্রামটিতে ৬০টি পরিবার বাস করে। তাদের মধ্যে অধিকাংশই এর আগে নদী ভাঙনের কবলে পড়েছে।

জানতে চাইলে হরিরামপুরের ইউপি চেয়ারম্যান আমীর হোসেন খান বলেন, 'ভাঙন কবলিত  ছবুল্লা শিকদারের ডাঙ্গী এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। আবারও ভাঙন শুরু হলে বিষয়টিও ইউএনও, জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।'

ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'রোববার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'