ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৪৯ সেমি ওপরে, প্লাবিত নতুন এলাকা

এস দিলীপ রায়
এস দিলীপ রায়

কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি আরও পাঁচ সেন্টিমিটার বেড়েছে। এখন তা বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় এ তথ্য জানা গেছে।

নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুড়িগ্রামের সাতটি উপজেলায় নতুন এলাকা প্লাবিত হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় ব্রহ্মপুত্র নদের পানি বেড়েই চলেছে।'

তিনি জানান, নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় চর ও নদের তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদের বুকে ঝুঁকিপূর্ণ চরের বাসিন্দাদের বন্যা আশ্রয়কেন্দ্র ও নিরাপদস্থানে চলে যেতে বলা হয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলার চর যাত্রাপুর এলাকায় নৌঘাটের মাঝি ইসমাইল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'বিপজ্জনকভাবে বাড়ছে ব্রহ্মপুত্রের পানি। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।'

তিনি চর এলাকাগুলো থেকে পানিবন্দি মানুষকে নিরাপদ আশ্রয়ে আনছেন।

চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'গতকাল বুধবার রাত থেকে এই ইউনিয়নের নতুন নতুন এলাকায় নদের পানি ঢুকতে শুরু করেছে। এখানে পানিবন্দি হয়েছেন সাত হাজারের বেশি মানুষ।'

'পানিবন্দি অনেকে বাড়িঘর ছেড়ে আসবাবপত্র ও গরু-ছাগল নিয়ে সরকারি রাস্তা ও রেল লাইনের ওপর আশ্রয় নিয়েছেন,' যোগ করেন তিনি।

চিলমারী উপজেলার রমনা এলাকার পানিবন্দি সোলেমান মুন্সি (৬৫) ডেইলি স্টারকে বলেন, 'গত সাত দিন ধরে পানিবন্দি হয়ে আছি। খাদ্য ও বিশুদ্ধ পানি সঙ্কট। কয়েকটি হাঁস-মুরগি পানিতে ভেসে গেছে। গবাদি পশু-পাখি নিয়ে বেশি দুশ্চিন্তায় আছি। তৃণভূমি পানির নিচে তলিয়ে যাওয়ায় গরু-ছাগল প্রতিপালন করতে হিমশিম খাচ্ছি।'

চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবীরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'বন্যাদুর্গতদের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ করা হচ্ছে। পানিবন্দি লোকজনকে শুকনো খাবার দেওয়া হচ্ছে। ব্রহ্মপুত্রের ঝুঁকিপূর্ণ চরগুলো থেকে পানিবন্দি লোকজনকে নিরাপদে নিয়ে আসা হয়েছে।'

গতকাল বুধবার ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার (বিপৎসীমা ২৩ মিটার ৭০ সেন্টিমিটার) ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।