নাম পরিবর্তন করে মান্নার শেষ সিনেমার মুক্তি
চিত্রনায়ক মান্না অভিনীত শেষ সিনেমা 'জীবন যন্ত্রণা' অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। ২০০৫ সালে সিনেমাটির কাজ শুরু হয়েছিল। তখন এটির নামকরণ করা হয় 'লীলামন্থন'। তবে, কিছু অংশের কাজ বাকি থাকতেই ২০০৮ সালে মান্নার মৃত্যু হয়।
বাকি অংশের শুটিং শেষ করে ২০১১ সালে 'লীলামন্থন' নামেই সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। তখন নামের কারণে সিনেমাটি আটকে দেওয়া হয়েছিল। কিন্তু, দীর্ঘ বছর আটকে থাকার পর নাম পরিবর্তন করে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, 'জীবন যন্ত্রণা' সিনেমাটি আগামী বছরের ২৬ মার্চ মুক্তি পাবে।
এতে মান্নার সঙ্গে আরও অভিনয় করেছেন- মৌসুমী, পপি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, মিশা সওদাগরসহ অনেকেই।