অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লায় স্কুলশিক্ষার্থী অপ্রতিম (১৩) হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। তবে তদন্তভার এখনো জেলা পুলিশের হাতেই আছে।

নতুন দায়িত্ব পাওয়া তদন্ত কর্মকর্তা হলেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ। এর আগে মামলাটির তদন্তের দায়িত্বে ছিলেন একই থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

আজ শুক্রবার সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় জেলা পুলিশ সুপার মামলাটির গুরুত্ব বিবেচনায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন করেছেন।

গত ১৮ সেপ্টেম্বর বিকেল থেকে নিখোঁজ ছিল কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম। পরদিন দুপুর ১টার দিকে সানন্দা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

অপ্রতিমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।

পরিবারের সদস্যরা জানায়, সেদিন বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি ছেলেটি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মরদেহ উদ্ধারের পর পুলিশ ২ কিশোরসহ ৩ জনকে আটক করে। অপ্রতিমের বাবা ফিরোজ হত্যা মামলা করার পর ওই তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে ২০ সেপ্টেম্বর আদালতে পাঠানো হলে তারা অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন বলে পুলিশ জানায়।

নতুন তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ সুপার কার্যালয় থেকে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আদেশ দেওয়া হয়েছে। নথিপত্র পাওয়ার পর তদন্তকাজ শুরু করব। আশা করি দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করব।'

আগের তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সাইফুল বলেন, 'দুয়েকদিনের মধ্যে মামলার প্রয়োজনীয় নথিপত্র নতুন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।'

যোগাযোগ করা হলে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, 'হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৩ জনের স্বীকারোক্তি পাওয়া গেছে। তবে ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।'