খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া দুর্নীতি মামলা চলবে
বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। এর ফলে নিম্ন আদালতে মামলাটির বিচার কার্যক্রম চালাতে আর কোনো আইনগত বাধা থাকলো না।
এর আগে বিচার কার্যক্রম চালাতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলের জন্য আবেদন (লিভ টু আপিল) করেন খালেদা জিয়া। আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ ওই আবেদন খারিজ করলেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেছেন, সুপ্রিম কোর্টের আদেশের পর বিচার কার্যক্রম চালাতে নিম্ন আদালতের ওপর আর কোন আইনগত বাধা থাকলো না।
দুর্নীতি মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন খালেদা জিয়া। গত বছর ১৭ সেপ্টেম্বর ওই আবেদন খারিজ করে বিচার কার্যক্রম চালানোর নির্দেশ দেন হাইকোর্ট। এই নির্দেশের বিরুদ্ধে পরবর্তীতে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করেন খালেদা।
লিভ টু আপিলের শুনানি শেষে আদেশের জন্য আজ দিন নির্ধারণ করেন সর্বোচ্চ আদালত।
মামলায় খালেদা জিয়া বাদেও আরো ১৫ জনকে আসামী করা হয়েছে। দুদকের অভিযোগ, বিবাদীরা তাদের ক্ষমতার অপব্যবহার করে বড়পুকুরিয়া কয়লা খনির কাজ একটি চীনা কোম্পানিকে পাইয়ে দেয়। এতে রাষ্ট্রের ১৫৯ কোটি টাকা ক্ষতি হয়েছে।