অতিরিক্ত ভাড়া আদায়: ঢাকা ও চট্টগ্রামে ৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা
বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিআরটিএর ১০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঢাকা ও চট্টগ্রাম মহানগরে আজ সারাদিন অতিরিক্ত ভাড়া আদায় এবং অন্যান্য অভিযোগে ৩৩৬টি বাস ও মিনিবাসের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে।
অভিযানে ২৮৭টি ডিজেল এবং ৪৯টি সিএনজি চালিত বাস ও মিনিবাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলা করা হয়েছে এবং ৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।
বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দল অভিযানের সময় উপস্থিত ছিলেন।