অতিরিক্ত ভাড়া আদায়: ঢাকা-চট্টগ্রামে আজ ৩১৪ বাসের জরিমানা

স্টার অনলাইন রিপোর্ট

নতুন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় এবং সিএনজি চালিত বাসে নতুন ভাড়া আদায়সহ বিভিন্ন অভিযোগে ২৯৬টি বাসের জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বিআরটিএর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআরটিএর ১০টি ভ্রাম্যমাণ আদালত ২৯৬টি বাস ও মিনিবাসের বিরুদ্ধে মামলা করে মোট ৩ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছেন। এর মধ্যে রয়েছে ৫২টি সিএনজি চালিত এবং ২৪৪টি ডিজেল চালিত বাস।

এ ছাড়া, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৮টি বাস ও মিনিবাসের বিরুদ্ধে মামলা করে মোট ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন ঢাকা জেলা প্রশাসনের ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

ডিজেলের মূল্য বৃদ্ধির পর গণপরিবহন মালিকদের ধর্মঘটের পরিপ্রেক্ষিতে বাস ভাড়া পুনর্নির্ধারণ করা হয়। বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে পরিবহন সমিতির বৈঠকে হওয়া সিদ্ধান্ত মোতাবেক এই বর্ধিত ভাড়া কার্যকর হবে শুধু ডিজেল চালিত বাস-মিনিবাসে।

তবে, ভাড়া বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে সিএনজি চালিত বাস মালিক ও ড্রাইভাররা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।