অতিরিক্ত ভাড়া আদায়: মানিকগঞ্জে ৫ বাস চালককে জরিমানা

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে মানিকগঞ্জে ৫টি বাসের চালককে জরিমানা করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

আসাদুজ্জামান রুমেল বলেন, 'ঈদের ছুটি শেষে যাত্রীরা ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় কর্মস্থলে যাচ্ছেন। যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ওঠায় মানিকগঞ্জ সদরের মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অভিযান চালানো হয়। এসময় যাত্রীসেবা পরিবহনের চালক আবু রায়হানকে ৫০০ টাকা ও অপর বাসের চালক আরিফ হোসেনকে ২ হাজার টাকা, পদ্মা দ্রতগতি পরিবহনের চালক মো. রুবেলকে ৩ হাজার টাকা, শুভযাত্রা পরিবহনের বাসের তুহিন হোসেনকে ৫০০ টাকা এবং এক হিউম্যান হলার চালক সাব্বির মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, 'গণপরিবহনে ভাড়ার তালিকা প্রদর্শন না করে যাত্রীদের কাছ থেকে প্রায় দ্বিগুণ টাকা আদায় করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।'

উল্লেখ্য, ঢাকা-পাটুরিয়া মহাসড়কে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় নিয়ে গত ৮ জুলাই 'মহাসড়কে ৭৫ টাকার ভাড়া ৪০০'শিরোনামে দ্য ডেইলি স্টার অনলাইন বাংলা সংস্করণে একটি সংবাদ প্রকাশ করে।