অতিরিক্ত স্বাস্থ্যসচিব পরিচয়ে প্রতারণা, খুলনায় গ্রেপ্তার ১
অতিরিক্ত স্বাস্থ্যসচিব পরিচয় দিয়ে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারকে চাকরির ক্ষতির ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার অভিযুক্ত আ জ ম সামছুদ্দিন মাসুদ (৩৮) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসুদ রংপুর জেলার মিঠাপুকুর থানার জীবনপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।
পাইকগাছা থানা পুলিশ জানায়, গত ১৭ জুন মেডিকেল অফিসার ডা. সুজন কুমার সরকারকে চাকরির ক্ষতির ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দাবিকারী নিজেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমুল হক পরিচয় দেন।
ডা. সুজন কুমার সরকার একটি বিকাশ নম্বরে ৩৩ হাজার টাকা দিয়ে টাকা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে গেলে নম্বরটি বন্ধ পান। এতে সন্দেহ হলে তিনি পাইকগাছা থানায় একটি জিডি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুকান্ত বলেন, 'তথ্য প্রযুক্তি মাধ্যমে প্রতারকের সন্ধান পেয়ে অভিযান চালিয়ে কালিগঞ্জ থানার সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকাশ প্রতারণা চক্রের বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আজ সকালে আইনি প্রক্রিয়ায় তাকে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠান।'