অপহরণের ২ মাস পর স্কুলশিক্ষার্থী উদ্ধার, কারাগারে ১
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া এলাকা থেকে ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের ২ মাস পরে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার রাসেল মৃধাকে (২২) আজ শুক্রবার দুপুরে গলাচিপা উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হায়দার দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। এ সময় ১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অপর ২ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।'
অপহরণের ঘটনায় ৩ ফেব্রুয়ারি ওই স্কুল শিক্ষার্থীর মা বাদি হয়ে রাঙ্গাবালী থানায় একটি অপহরণ মামলা করেন।
মামলায় রাসেল মৃধাসহ ৩ জনকে আসামি করা হয়।
ওই শিক্ষার্থীর মা ডেইলি স্টারকে জানান, '২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পর থেকে আমার মেয়ে নিখোঁজ ছিল। খোঁজ না পেয়ে পরদিন রাঙ্গাবালী থানায় মামলা করি। আমার মোবাইলে কল দিয়ে রাসেল ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।'