অবশেষে মামলা করলেন ডাকাতির শিকার সেই চিকিৎসক, ডাকাত আটক

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা থেকে টাঙ্গাইলে কর্মস্থলে ফিরতে গিয়ে গত ২০ জানুয়ারি রাতে বাসে ডাকাতির শিকার হন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম। সে সময় মামলা করতে না পারলেও, অবশেষে আজ রোববার দিবাগত রাতে তিনি মামলা করতে পেরেছেন।

রাত ১১টার দিকে উত্তরা পশ্চিম থানায় এ মামলা করা হয়। মামলার পর ডা. শফিকুল নিজেই দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, 'পুলিশ জানিয়েছে যে ডাকাতদের আটক করা হয়েছে। আমি মামলা করতেই টাঙ্গাইল থেকে উত্তরা এসেছি।'

ডা. শফিকুল ইসলাম ২০ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে একটি বাসে উঠেন। বাসে ওঠার প্রায় ১৫ মিনিট পর বুঝতে পারেন যে বাসে ডাকাত আছে।

ডাকাতরা তার কাছ থেকে নগদ ৭-৮ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন, ২টি ডেবিট কার্ড ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। সেই সঙ্গে তার ওপর চালায় অমানুষিক নির্যাতন।

এ দিকে ডিএমপি জানিয়েছে, ওই ঘটনায় জড়িত ডাকাত দলকে আটক করা হয়েছে। এছাড়া অপর আরেকটি আন্তঃজেলা ডাকাতদলের মূল হোতাসহ পুরো ডাকাত চক্রকেও পুলিশ গ্রেপ্তার করেছে।

সোমবার সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফিং করা হবে বলেও জানানো হয়েছে।