অবৈধভাবে ভারতে গিয়ে ৪ বাংলাদেশি যুবক আটক
ভারতে অনুপ্রবেশের অভিযোগে গতকাল শুক্রবার বাংলাদেশি চার জনকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। শনিবার দুপুরে তাদেরকে করিমগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়।
আটক যুবকেরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রাজেশ শেখ (২৯), সানাউল্লাহ আঁখি (২৮), কাওসার হোসেন (২০) ও আমতলি উপজেলার আসাদুল শেখ ওরফে সাইদুল (২৯)।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি চার জন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অনুপ্রবেশ করেন। শুক্রবার সন্ধ্যায় একটি নৈশকোচে আসাম হয়ে চেন্নাই যাওয়ার পথে করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার ত্রিপুরা সীমান্তের আসাম চুরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে তারা আটক হন।
চুরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ মিন্টু শীল গণমাধ্যমকে জানান, শুক্রবার রাতে আগরতলা থেকে গুয়াহাটিগামি নৈশকোচে ত্রিপুরা-আসাম প্রবেশ মুখে পুলিশ তল্লাশি চালায়। এ সময় ওই চার জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কাজের সন্ধানে তারা চেন্নাই যাচ্ছিলেন। তাদের কাছে ভারতে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র নেই। কিছু ভারতীয় মুদ্রা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হলেও অন্য কিছু পাওয়া যায়নি। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।