অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলার আলামত উপস্থাপনের নির্দেশ
জনপ্রিয় অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলার জব্দ আলামত আগামী ১৭ এপ্রিলের মধ্যে আদালতে উপস্থান করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে কেস ডায়েরি একইদিন উপস্থাপন করতে বলেছেন।
আজ বুধবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচার মো. জাকির হোসেন এ আদেশ দেন। শুনানি মুলতবি চেয়ে আইনজীবী আফরিন শিল্পী পৃথক দুটি আবেদন করেন।
এদিন আদালতে তারিক সাঈদ মামুনকে কারাগার থেকে হাজির করা হয়। আদনান সিদ্দিকী ও ফারুক আব্বাসী উপস্থিত ছিলেন। তারা বর্তমানে জামিনে আছেন।
ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ও ট্রামস ক্লাবের স্বত্বাধিকার আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলামসহ ৬ জন বর্তমানে পলাতক। বাকিরা হলেন—সানজিদুল ইসলাম ইমন, আশীষ রায় চৌধুরী, ব্যবসায়ী সেলিম খান ও হারুনুর রশিদ ওরফে লেদার লিটন।
রাজধানীর বনানী ১৭ নম্বর রোডে আবেদিন টাওয়ারে ট্রাম্পস ক্লাবে ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে অভিনেতা সোহেল নিহত হন। ওই ঘটনায় সোহেলের ভাই গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। পরের বছরের ৩০ জুলাই পুলিশের গোয়েন্দা শাখা আজিজ মোহাম্মদ, বান্টিসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। ২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিট ম্যাজিস্টেট আদালত-৩ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
অভিযোগ গঠনের ২ বছর পরে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। একজন আসামির পরিপ্রেক্ষিতে ২০০৩ সালে হাইকোর্ট মামলার বিচারিক কার্যক্রম স্থগিত করেছিলেন।
চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি আদালতের নিষেধাজ্ঞা দূর হয়।