অরক্ষিত বৈদ্যুতিক তারে হাত হারানো শিশুকে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

স্টার অনলাইন রিপোর্ট

বরিশালের মুলাদিতে বাড়ির ওপর দিয়ে যাওয়া অরক্ষিত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে হাত হারানো সাত বছরের শিশু জুবায়ের রহমানকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে রুল জারি করেছেন হাইকোর্ট। কেন জুবায়েরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না তা আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়েছেন আদালত।

আজ মঙ্গলবার জারি করা রুলে জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক এবং আরও ১১ জন সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

জুবায়েরের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ চেয়ে তার বাবা তোফাজ্জল হোসেনের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ আজ এই রুল জারি করে।

রিট আবেদনকারীর আইনজীবী আব্দুল্লাহ আল মাহবুব দ্য ডেইলি স্টারকে বলেন, অরক্ষিত বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে গত ১৫ অক্টোবর বিদ্যুৎস্পৃষ্ট হয় জুবায়ের। রিট আবেদনকারীর দোতলা বাড়ির ওপর দিয়ে অবৈধভাবে এই সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছিল। বিদ্যুতের লাইন সরিয়ে নেওয়ার জন্যও আবেদন করেছিলেন জুবায়েরের বাবা।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর জুবায়েরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মারাত্মকভাবে আহত হওয়ায় চিকিৎসকরা তার বাম হাত কেটে বাদ দেন। জুবায়েরের ডান হাতটিও অকেজো হয়ে পড়েছে।

গতকাল সোমবারও অনুরূপ একটি দুর্ঘটনায় ক্ষতিপূরণের ব্যাপারে রুল জারি করেছিলেন হাইকোর্টের এই একই বেঞ্চ। ওই ঘটনায় সাতক্ষীরার প্রতাপনগরের সাত বছরের শিশু রাকিবুজ্জামান তার ডান হাত ও ডান পা হারিয়েছেন।

রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।