অস্ত্র-মাদকসহ আরসা কমান্ডার আতাউল্লাহর ভাই শাহ আলী আটক
মিয়ানমারের নিষিদ্ধ সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার আতাউল্লাহর ভাই মোহাম্মদ শাহ আলীকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
আজ রোববার ভোরে কক্সবাজার জেলার উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।
১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাইমুল হক বলেন, 'রোহিঙ্গা ক্যাম্প থেকে গতকাল এক ব্যক্তিকে অপহরণ করা হয়। এ খবর জানার পর এপিবিএন তাকে উদ্ধারের কাজ শুরু করে। মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয় এবং আটক করা হয় আরসার কমান্ডার আতাউল্লাহর ভাই শাহ আলীকে।'
এ সময় তল্লাশি চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও মাদক পাওয়া গেছে বলে জানান তিনি।