আড়াই বছরে দুর্নীতি মামলায় ৪৫০ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত

স্টার অনলাইন রিপোর্ট

গত আড়াই বছরে দুর্নীতির মামলায় প্রায় ৪৫০ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছেন আদালত।

একই সময়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে প্রায় ২ হাজার ১০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে।

আজ দুপুরে দুদকের সচিব আনোয়ার হোসেন হাওলাদার গণমাধ্যমকে এ সব তথ্য জানিয়েছেন।

দুদক সচিব বলেন, 'দুর্নীতিবাজরা যেন অবৈধভাবে অর্জন করা সম্পদ ব্যবহার করতে না পারে, সেজন্য দুদক কাজ করছে।'

দুদক জানায়, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও কানাডার ২৯টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১ হাজার ১৬৭ কোটি টাকার অস্থাবর এবং প্রায় ৩২৪ কোটি ৫৯ লাখ টাকার স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে।

এর আগে, ২০২০ সালে প্রায় ৩৩২ কোটি টাকার এবং ২০১৯ সালে ২৩৩ কোটি টাকার অস্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছিল।