আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সৎ মাসহ গ্রেপ্তার ৩
ঢাকার ধামরাইয়ে সাগর আলী (২২) নামে এক যুবককে আত্মহত্যার প্ররোচনার মামলায় তার সৎ মা, ফুপু ও চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরের দ্য ডেইলি স্টারকে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা বদিউজ্জামান।
তিনি জানান, সোমবার উপজেলার রোয়াইল ইউনিয়নের সঙ্গুরচর এলাকার তাইছের আলীর ছেলে সাগর ডুমুর গাছের সঙ্গে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাগরের বোন তাসলিমা আক্তার গতকাল রাতে বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে তার সৎ মা, ফুপু ও চাচাসহ কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওই মামলায় আজ ভোরে ৩ গ্রেপ্তার করা হয়েছে।
তাসলিমার অভিযোগের বিষয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, 'গত কয়েক দিন আগে ওই ছেলের দাদির একটি স্বর্ণের চেইন চুরি হয়। চেইন চুরির অভিযোগ সাগরের ওপর দেওয়া হয়। এ ছাড়া সৎ মায়ের সঙ্গে সম্পর্কে ভালো না থাকায় ছেলেটা মানসিকভাবে ভেঙে পড়েছিল।'
সব মিলিয়ে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে বলে জানান বদিউজ্জামান।