আদাবরে দুলাভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ ভাই-বোন, একজনের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর আদাবরে দুলাভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ দুই ভাই-বোনের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'অগ্নিদগ্ধ মিতু আক্তার (৯) আজ শুক্রবার সকাল ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।'

গত মঙ্গলবার রাজধানীর আদাবরের একটি বাসায় মিতু আক্তার (৯) ও বাপ্পী (৬) নামে ২ ভাই-বোনের শরীরে কেরোসিন ঢেলে আগুনে ঝলসে দেওয়ার অভিযোগ উঠে তাদের দুলাভাইয়ের বিরুদ্ধে।

পরে এ ঘটনায় মামলা হলে বুধবার দুপুরে সাভার থেকে দুলাভাই আলাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মুজিব আহমেদ পাটওয়ারী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, 'আলাউদ্দিন ২ শিশুর গায়ে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন। শিশু দুটির বোন ইসরাত জাহান মৌ তার দ্বিতীয় স্ত্রী। স্ত্রীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া চলতো। স্ত্রীর ওপর প্রতিশোধ নিতে তিনি এমনটি করেছেন বলে জানিয়েছেন।'

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানিয়েছিলেন, আগুনে শিশু মিতুর শরীরের ৯৮ শতাংশ এবং বাপ্পীর ৮ শতাংশ দগ্ধ হয়।

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার পর বাপ্পীকে বাসায় নেওয়া হয়েছে।