কক্সবাজার

আদালত চত্বর থেকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ: ৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের আদালত চত্বর থেকে এক নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ জনের নাম উল্লেখ করে ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ওই নারী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস দ্য ডেইলি স্টারকে বলেন, বাদীর এজাহারটিকে নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

মামলার নথি থেকে জানা যায়, গতকাল দুপুরে কক্সবাজার শহরের আদালত পাড়ার সামনে থেকে ওই নারীকে অপহরণ করে চার জন। ফজল কাদের নামে একজনের বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। স্থানীয় এক ব্যক্তি জরুরি সেবার  ৯৯৯ নম্বরে ফোন করলে ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।
এজাহারনামীয় চার আসামি হলেন, কক্সবাজার শহরের বাহারছড়ার ফিরোজ আহমদ (৪৭), রাসেল উদ্দিন (৩৮), ইসলামপুর এলাকার মো. শরীফ (৪৮) ও নুরুল ইসলাম (৪৮)।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ভিকটিমকে ফিরোজ আহমদ বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিল। ধর্ষণ ও হত্যার হুমকিও দিয়ে আসছিল নিয়মিত। সোমবার দুপুরে আদালত পাড়ায় আইনজীবীর চেম্বার থেকে বের হলে আসামিরা তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

সংঘবদ্ধ ধর্ষণে অভিযুক্ত আসামি  রাসেল উদ্দীন নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ধর্ষণের ঘটনা কাউকে না জানাতে বলে এবং বাড়াবাড়ি করলে মানবপাচার মামলায় চালান করে দেবে বলে হুমকি দেয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।