আবারও মোটরসাইকেল চুরির সময় আটক রানীশংকৈল পৌর কাউন্সিলর
এক মাসের ব্যবধানে আবারও মোটরসাইকেল চুরির সময় রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর আব্দুল রাজ্জাককে (৪০) হাতেনাতে আটক করেছে জনতা।
গতকাল শনিবার রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এ ঘটনা ঘটে।
আটক রাজ্জাক রানীশংকৈল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ভান্ডারা গ্রামের বাসিন্দা। পরে তাকে পীরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, 'গতকাল রাতে একটি মোটরসাইকেল চুরি করে পালানোর সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। আটকের পরে বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেয় এবং তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়।'
পুলিশের এই কর্মকর্তা বলেন, 'এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর তাকে আদালতে পাঠানো হবে।'
এর আগে, গত ২৪ মার্চ হরিপুর উপজেলায় এক ইউপি সদস্যের মোটরসাইকেল চুরি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হন রাজ্জাক।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, আব্দুর রাজ্জাক আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের প্রধান। তার নামে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির ৪০টির বেশি মামলা আছে। সে বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছে এবং পরে জামিনে বেরিয়ে এসে আবার চুরি-ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়ে।