আবার শুরু হতে পারে ভার্চুয়াল কোর্ট: প্রধান বিচারপতি
করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় আবার ভার্চুয়ালি কোর্ট পরিচালনা শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
তিনি বলেন, সুপ্রিম কোর্ট এবং নিম্ন আদালতের বেশ কয়েকজন বিচারক ও কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। কাজেই কোর্টের কার্যক্রম ভার্চুয়ালি পরিচালনা করা উচিত।
আজ মঙ্গলবার সকালে আপিল বিভাগের পূর্ণ বেঞ্চে মামলার শুনানির সময় এ মন্তব্য করেন তিনি।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ সর্বোচ্চ আদালতকে বলেন, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনসহ বেশ কয়েকজন আইন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন।
করোনা সংক্রমণ বেশি থাকায় গত বছর ভার্চুয়ালি আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়। গত ১ ডিসেম্বর থেকে পুনরায় সশরীরে আদালতের কার্যক্রম শুরু হয়।