আব্দুল্লাপুরে ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত
তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে রাজধানীর উত্তরার আব্দুল্লাপুর এলাকায় ছুরিকাঘাতে ডালিম (৩৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে আব্দুল্লাপুরের পশ্চিমপাড়া এলাকার একটি বাসায় কথা কাটাকাটির এই ঘটনা ঘটে। এর জেরে ছুরিকাঘাতে আহত ডালিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
ডালিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, নিহত ডালিমের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন আছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ডালিম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কাশিয়ারা গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
ডালিমের ভাই আব্দুল আলিম জানান, ডালিম আবদুল্লাপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। মঙ্গলবার রাতে কাজ শেষ করে তিনি বাসায় আসেন। এ সময় পাশের রুমের মানছু বিল্লাহ (২৪) নামের এক যুবকের সঙ্গে তুচ্ছু ঘটনা নিয়ে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মানছু ডালিমের পেছন থেকে ছুরিকাঘাত করেন।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিব আল মাহফুজ জানান, এই ঘটনায় অভিযুক্ত মানছু বিল্লাহকে আটক করা হয়েছে।