আমিনবাজারে ৬ শিক্ষার্থী হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

স্টার অনলাইন রিপোর্ট

সাভারের আমিন বাজারে ৬ ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩ আসামির ডেথ রেফারেন্সসহ মামলার নথি হাইকোর্টে পৌঁছেছে।

হাইকোর্টের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংশ্লিষ্ট কর্মকর্তারা রায়সহ মামলার নথি হাইকোর্টে নিয়ে এসেছেন। হাইকোর্ট এখন মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির জন্য কাগজপত্র তৈরি করবে।

নিম্ন আদালত যদি কোনো মামলায় কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়, তবে মৃত্যুদণ্ড নিশ্চিত করার আগে হাইকোর্ট যুক্তি শুনানির মাধ্যমে সেই রায় পরীক্ষা করে। ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) বিধান অনুযায়ী মামলার নথি ও রায় নিম্ন আদালত থেকে হাইকোর্টে ডেথ রেফারেন্স হিসেবে পৌঁছায়।

সাভারের আমিনবাজার এলাকায় ২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে ডাকাত সন্দেহে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়।  এ মামলায় গত ২ ডিসেম্বর ১৩ জনকে মৃত্যুদণ্ড ও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ২৫ জনকে খালাস দিয়েছেন।