আরমানিটোলায় মেয়ের স্কুলে পাওয়া গেল মায়ের মরদেহ
ঢাকার আরমানিটোলায় আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একটি নির্মাণাধীন ভবনে ওই প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীর মায়ের মরদেহ পাওয়া গেছে।
ওই নারীর নাম পারভীন বেগম। ঢাকার সিদ্দিকবাজার এলাকায় তার বাসা। তার ছোট মেয়ে এই প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল দ্য ডেইলি স্টারকে বলেন, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে রোববার সকালে পারভীন বেগম বাসা থেকে বের হন। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে স্কুলের এক কর্মচারী নির্মাণাধীন ভবনের নীচতলায় তার মরদেহ দেখতে পান। মরদেহের পাশে কীটনাশকের খোলা বোতল ও ঠিকানা লেখা একটি চিরকুট পাওয়া যায়।
মীর রেজাউল আরও জানান, পুলিশ ওই ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। রোববার দুপুর দেড়টার দিকে তিনি স্কুল ভবনে ঢুকেছিলেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের বরাতে পুলিশ জানায়, ছয় বছর আগে ওই নারীর স্বামী মারা যান। তিন সন্তান নিয়ে তিনি থাকতেন।