আরসা কমান্ডারের ভাই শাহ আলীর ৬ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) কমান্ডার আতাউল্লাহর ভাই মোহাম্মদ শাহ আলীকে (৫৫) তিন মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ১৮ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ওই রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা উখিয়া থানার উপ-পরিদর্শক মো. নুরে আলম।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় অভিযুক্ত আসামি মোহাম্মদ শাহ আলীর উপস্থিতিতে শুনানি শেষে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) শ্রীজ্ঞান তঞ্চগ্যা প্রতিটি মামলায় ২ দিন করে মোট ৬ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।

আদালতের পুলিশ পরিদর্শক চন্দন কুমার দাশ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন

গত ১৬ জানুয়ারি রোববার ভোর ৪টায় উখিয়ার কুতুপালং মধুরছড়ার নৌকার মাঠ ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আস্তানা থেকে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ইয়াবা, অস্ত্র ও নগদ টাকাসহ শাহ আলীকে গ্রেপ্তার করে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন। তার কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়।। তিনি চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানার দেওয়ান বাজার জয়নব নগর ঠিকানা ব্যবহার করে ওই এনআইডি করেন।

ওইদিন সন্ধ্যায় উখিয়া থানায় তার বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়। মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা করে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। অপহরণ মামলাটি করেন অপহরণের শিকার এক রোহিঙ্গা যুবক।

উখিয়া থানার পুলিশ পরিদর্শক গাজী সালাহ উদ্দীন বলেন, শাহ আলীর বিরুদ্ধে যে ৩টি মামলা রুজু হয়েছে সব মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। আসামি শাহ আলী বর্তমানে কক্সবাজার জেলা কারাগারে আছেন।