আশুলিয়ায় ক্যাবল টিভি ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগ-যুবদল সংঘর্ষ, আহত ২৫
সাভারের আশুলিয়ায় ক্যাবল টিভি ব্যবসাকে কেন্দ্র করে ইউনিয়ন যুবলীগ সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতির সমর্থকদের হামলা ও পাল্টা হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের মেশিনপাড় এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশুলিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল হাইয়ের সঙ্গে ইউনিয়ন যুবলীগ সভাপতি আমির হোসেন জয়ের চাচা আনসের আহম্মেদের ক্যাবল টিভি ব্যবসা নিয়ে কয়েকমাস ধরে বিরোধ চলছিল। এ নিয়ে যুবলীগ নেতা জয়ের চাচাতো ভাই আল-আমিন বাদী হয়ে থানায় একটি মামলাও করেন।
সম্প্রতি একে অপরের ডিস ক্যাবল কেটে ফেলার অভিযোগ তোলেন। এ নিয়ে শনিবার সকালে রনস্থল গ্রামে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে যুবলীগ নেতার সমর্থক ও আব্দুল হাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এবং উভয়পক্ষের ২৫ জন আহন হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভার উপজেল স্বাস্থ্য কমপ্লেক্স, এনাম মেডিকেল, কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও সাভার সুপার হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়।
সাভার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে বলেন, 'ক্যাবল ব্যবসাকে কেন্দ্র করে হামলায় দু'পক্ষের সমর্থকরা আহত হয়েছেন। জয়ের নেতৃত্বে হামলায় আব্দুল হাইয়ের পক্ষে থাকা আমাদের আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন।'
আমির হোসেন জয় ইউনিয়ন যুবলীগ সভাপতি এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন এবিএম আজাহারুল ইসলাম।
অন্যদিকে, আব্দুল হাই আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি ছিলেন বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানা সেচ্ছাসেবক দলের বর্তমান সভাপতি শরিফুল ইসলাম।
তবে, যুবলীগ নেতা আমির হোসেন জয় ও যুবদল নেতা আব্দুল হাইয়ের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তারা ফোন ধরেননি।
আশুলিয়া থানা ওসি (তদন্ত) মো. জিয়াউল ইসলাম জিয়া বলেন, 'খবর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।'