আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিক ধর্ষণের অভিযোগে কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, সাভার

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযোগ পেয়ে কারখানার এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আশুলিয়া থানার পরিদর্শক জামাল সিকদার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার এক নারী পোশাক শ্রমিক ইয়াগি বাংলাদেশ গার্মেন্টস লিমিটেডের কর্মকর্তা (প্রশাসন) জাহাঙ্গীর আলমসহ অজ্ঞাতনামা দুই জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ ডিসেম্বর ওই নারী হেলপার পদে কারখানাটিতে যোগ দেন। ২১ ডিসেম্বর তার রক্তের গ্রুপ পরীক্ষা করার কথা বলে কারখানায় নমুনা নেওয়া হয়। এর দুই দিন পর রক্তের প্রয়োজনের কথা বলে তাকে কারখানার নিচতলার একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও তার এক সহযোগী ওই নারীকে ইঞ্জেকশনের মাধ্যমে অচেতন করে ধর্ষণ করেন। প্রায় দুই ঘণ্টা পর সংজ্ঞা পেয়ে ওই নারী বাসায় তার বাবা-মাকে ধর্ষণের কথা জানান। বাবা-মাকে নিয়ে অভিযোগ জানাতে পরে কারখানায় গেলে তাদের তাড়িয়ে দেওয়া হয়।

গতকাল কারখানার শ্রমিকরা অভিযোগের ব্যাপারে জানতে পেরে কর্মবিরতি ও বিক্ষোভ করেন। বিক্ষোভের মুখে এক পর্যায়ে কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে রাতে আশুলিয়া থানায় মামলা করেন ওই নারী।

এ ব্যাপারে ইয়াগি বাংলাদেশ গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপক ইলিয়াস পাটোয়ারী গতকাল দ্য ডেইলি স্টারকে বলেন, কারখানার ভেতর এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা নেই। এমনটা ঘটে থাকলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আশুলিয়ার থানার পরিদর্শক জামাল সিকদার বলেন, ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে।