আশুলিয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা, সাভার 

সাভারের আশুলিয়ায় স্ত্রী বৃষ্টি আক্তারকে (২১) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আসাদুল ইসলামের (৩০) বিরুদ্ধে। নিহত বৃষ্টি একটি পোশাক কারখানার শ্রমিক।

শনিবার দুপুর ২টার দিকে আশুলিয়ার কাঠগড়ার একটি বাড়ি থেকে বৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে আসাদুল পালাতক।

পুলিশ বলছে, শ্বাসরোধে হত‍্যার বিষয়টি মোবাইল ফোনে বৃষ্টির পরিবারের লোকদের জানিয়েছে আসাদুল।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তানিম আহমেদ বলেন, বৃষ্টি ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে জানা গেছে। আজ তার স্বামী হত্যা করে দরজা তালা দিয়ে আত্মীয় স্বজনকে মোবাইল ফোনে খবর দেয়৷ পরে তারা পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করি। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে স্বামী আসদুল পলাতক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে।