আড়াই বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরে আড়াই বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ শনিবার আলিফা আক্তার রিপার (৩০) বিরুদ্ধে শিশুকে অমানবিক নির্যাতনের অভিযোগে শ্রীপুর থানায় মামলা করেন শিশুটির দাদা আফাজ উদ্দিন।
বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার আগে শিশুটিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানকার আবাসিক মেডিকেল অফিসার ডা. মইনুল আতিক জানান, শিশুটির পায়ুপথ ও যৌনাঙ্গে ক্ষত রয়েছে। সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। পরে দ্রুত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে শিশুটির এ অবস্থার প্রকৃত কারণ জানা যেতে পারে।
অভিযুক্ত আলিফা আক্তার রিপা (৩০) মাগুরা জেলার সদর উপজেলার ধনপাড়া গ্রামের রজব আলী বিশ্বাসের মেয়ে।
শিশুর দাদা আফাজ উদ্দিন অভিযোগ করেন, তার ছেলে মোস্তফা কামাল দুবাই প্রবাসী। দুই বছর আগে নিজের প্রথম স্ত্রী এবং সন্তান থাকা অবস্থায় রিপাকে বিয়ে করে এবং প্রথম স্ত্রীর সাথে বিয়েবিচ্ছেদ ঘটায়। ছয় মাস আগে আড়াই বছরের মেয়ে মরিয়মকে দ্বিতীয় স্ত্রীর কাছে রেখে আবার দুবাই চলে যায়।
তিনি অভিযোগ করেন, গত ১১ আগস্ট তার এক ছেলেকে সাথে নিয়ে নাতনিকে দেখতে ময়মনসিংহ থেকে গাজীপুরে আসেন। সেখানে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে পান তিনি।

সেখান থেকে পরিবারের লোকজনের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে রিপা জানিয়েছেন, ভাতের গরম মাড়ের ওপর পা পিছলে পড়ে শিশুটি অসুস্থ হয়েছে। ঢাকা মেডিকেলে শিশুটির সঙ্গেই আছেন তিনি।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। এ সংক্রান্ত মামলা রুজু হয়েছে। একমাত্র অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।