ইউএনওর বাসভবনে হামলা: তদন্ত প্রতিবেদনে মামলা প্রত্যাহারের সুপারিশ
বরিশালে গত বছর আগস্টে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় ইউএনওর করা মামলায় পর্যাপ্ত সাক্ষ্য না পাওয়ায় আসামিদের দায় থেকে অব্যাহতি এবং মামলা প্রত্যাহারের সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. লোকমান হোসেন আজ সোমবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আমরা মামলার ২৮ আসামিকে দায় থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছি। এখন আদালত সিদ্ধান্ত নেবেন।'
এক মাস আগে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তদন্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন বলেন, 'এ ঘটনায় অন্তত ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। কিন্তু হামলার পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না থাকায় আসামিদের দায় থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।'
'তবে ইউএনওর বাসভবনে হামলা উল্লেখ করে যে এজাহার দায়ের করা হয়েছে, হামলার বিষয়টি সত্য,' বলেন তিনি।
বরিশালে গত বছর ১৮ আগস্ট সদর ইউএনওর বাসভবনে হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে সদর ইউএনও মুনিবুর রহমান বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আাবদুল্লাহসহ আওয়ামী লীগ-ছাত্রলীগের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।
অন্যদিকে প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন ও এক বিসিসি কর্মকর্তা ইউএনও, ওসি ও আনসারদের বিরুদ্ধে ২টি মামলা করেন।