ইউপি কার্যালয় থেকে ভিজিএফের ৪০ বস্তা চাল উধাও, চৌকিদার গ্রেপ্তার
নোয়াখালীর কবিরহাট উপজেলার ৭নং বাটইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ভিজিএফের চাল গায়েব হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার এ ঘটনার পর ওই ইউনিয়নের এক চৌকিদারকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় বুধবার দুপুরে বাটইয়া ইউনিয়ন পরিষদ সচিব আবদুল কাইয়ুম কবিরহাট থানায় একটি মামলা করেছেন।
মামলার পর গ্রেপ্তার চৌকিদার হারুনুর রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, ঈদুল ফিতর উপলক্ষে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের দুঃস্থদের জন্য সরকারি বরাদ্দকৃত বিশেষ ভিজিএফের ৪২০ বস্তা চাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মজুদ করা হয়।
মঙ্গলবার সকালে ওই কার্যালয়ে ৩৮০ বস্তা চাল পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, বাটইয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীনের মদদে তার লোকেরা চৌকিদার হারুনকে দিয়ে এ চাল আত্মসাৎ করার উদ্দেশ্যে অন্যত্র সরিয়ে নিয়েছে।
তবে চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন তার বিরুদ্ধে এ অভিযোগ অস্বীকার করে জানান, তিনি ঘটনাটি প্রশাসনকে জানিয়েছেন।
তিনি বলেন, 'বসুরহাট থেকে চালগুলো আনার জন্য চৌকিদার হারুনুর রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি গুদাম থেকে ৪০ বস্তা চাউল বিক্রি করে দিয়েছেন। মঙ্গলবার রাতে কবিরহাট থানা পুলিশের কাছে তিনি স্বীকারোক্তিও দিয়েছেন।'
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'চৌকিদার হারুন চাল চুরি করেছে বলে প্রাথমিকভাবে প্রমান পেয়েছি। এ ঘটনার সঙ্গে আরও কারো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।'