ইউপি নির্বাচন: ৩ জেলায় আটক ২৪
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৩ জেলায় মোট ২৪ জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে ১৭ জন, ফেনীর ফুলগাজী থেকে ৫ জন ও যশোরের চৌগাছা থেকে ২ জনকে আটক করা হয়।
মানিকগঞ্জ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামশা উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিঠুর ১৭ জন সমর্থককে আটক করেছে পুলিশ।
মানিকগঞ্জের পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে, ওই ইউনিয়নের ভোটগ্রহণ স্বাভাবিক আছে বলে জানান তিনি।
ফেনী
ফেনীর ফুলগাজীতে ইউপি নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে জাসদ (ইনু-শিরিন) সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়া ও কেন্দ্র দখলের অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে।
বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টাসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকার ৫ জন সমর্থককে আটক করেছে পুলিশ।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন ৫ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।
যশোর
যশোরের চৌগাছা উপজেলায় ভোটকেন্দ্রে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর সমর্থকরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নৌকা প্রার্থীর সমর্থকদের ছোঁড়া ইটের আঘাতে অন্তত ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া করে।
পরে পরিস্থিতি শান্ত হলে আবার ভোটগ্রহণ শুরু হয় বলে জানান তিনি।