ইউপি সদস্যের গলায় টাকার মালা পরানো এসআই প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের গলায় টাকার মালা পরিয়ে আলোচনায় আসা পুলিশের উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'জেলা পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলি এক আদেশে এসআই মমিনুলকে মাধবপুর থানা থেকে পুলিশ লাইনসে ক্লোজড করেছেন।'

জানতে চাইলে এসপি এস এম মুরাদ আলি ডেইলি স্টারকে বলেন, 'শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে ক্লোজড করা হয়েছে।'

গত ৫ জানুয়ারি মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউপির ৩ নম্বর ওয়ার্ডে তাজুল ইসলাম মহালদারকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ভোট গ্রহণের দায়িত্বে ছিলেন এসআই মমিনুল ইসলাম।

পরবর্তীতে তাজুল ইসলামের গলায় টাকা ও ফুলের মালা পরিয়ে দেন এসআই মমিনুল। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে এই পুলিশ সদস্যের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়।