ইকবালসহ ৪ জন আরও ৫ দিনের রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

ধর্ম অবমাননার মামলায় ৭ দিনের রিমান্ড শেষে ইকবাল, ইকরাম, ফয়সাল ও হুমায়ুন কবিরের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা এ রিমান্ড আদেশ দেন।

সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিআইডির এই কর্মকর্তা জানান, ৭ দিনের রিমান্ডে আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আবারও ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২৩ অক্টোবর ধর্ম অবমাননা মামলায় ইকবাল হোসেনসহ ৪ জনের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২০ অক্টোবর পুলিশ জানিয়েছিল, কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রেখে গদা কাঁধে নিয়ে হেঁটে যাওয়া যুবকের নাম ইকবাল হোসেন। কুমিল্লার পুলিশ সুপার ফারুক জানান, ভিডিও ফুটেজ দেখে ‍যিনি কোরআন শরীফ রেখেছিলেন তাকে শনাক্ত করেছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছিল, গত ১৩ অক্টোবর দুর্গাপূজার অষ্টমীর দিনে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা জানিয়ে ৯৯৯ কল করেন স্থানীয় ইকরাম হোসেন। ফোন পাওয়ার কয়েক মিনিটের মধ্যে সাদা পোশাকে সিএনজিচালিত অটোরিকশায় ঘটনাস্থলে উপস্থিত হন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজীম। ওই ঘটনায় সরাসরি লাইভ করেন স্থানীয় ফয়েজ আহমেদ। তিনি প্রবাসে ছিলেন এখন মোবাইল ফোন ব্যবসায়ী। ওই সময় ওসি ফোনে ঊর্ধ্বতন কর্মকর্তাকে ঘটনা সম্পর্কে জানাতে থাকলে ফয়েজ ওসির পরিচয় লাইভে দেন এবং কোরআন শরীফ অবমাননার কথা বলে প্রতিবাদ জানানোর কথা বলেন। এই ভিডিও বিভিন্ন গ্রুপে শেয়ার হয়।

গত ২২ অক্টোবর কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।