‘ইভটিজিংয়ের’ জেরে কথা কাটাকাটি, প্রাণ গেল তরুণের
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বখাটের ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। এক মেয়েকে 'উত্ত্যক্ত' করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করায় ওই তরুণকে ছুরিকাঘাত করা হয়।
গতকাল সোমবার রাতে ওই উপজেলার প্রত্যন্ত লাউরফতেপুর ইউনিয়নের আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত রাফি ভূঁইয়া (১৯) আহাম্মদপুর গ্রামের নিয়ামুল ভূঁইয়ার ছেলে।
অভিযুক্ত প্রদীপ (২০) একই গ্রামের স্বপন মিয়ার ছেলে।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, 'স্থানীয় বখাটে প্রদীপসহ তার সহযোগী শিমুল (২০) ও রাফি (২১) ওই গ্রামের একটি মেয়েকে উত্ত্যক্ত করতো। গতকাল সন্ধ্যায় রাফি ভূঁইয়াসহ ৪-৫ জন প্রদীপকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নিয়ে আসে। সেখানে কথাবার্তার এক পর্যায়ে প্রদীপ চলে যেতে চাইলে রাফি তাকে বাধা দেয়। এ সময় প্রদীপ তার সঙ্গে থাকা ছুরি দিয়ে রাফির বুকের মাঝ বরাবর আঘাত করে পালিয়ে যায়।'
তিনি আরও বলেন, 'তাৎক্ষণিকভাবে স্থানীয়রা রাফিকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।