ইয়াবা বহনের অভিযোগে বরিশালে কারারক্ষীর বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

ইয়াবা বহনের অভিযোগে বরিশাল কেন্দ্রীয় কারাগারের এক রক্ষীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে বন্দর থানা কর্তৃপক্ষ। 

আজ বুধবার দুপুরে বন্দর থানার উপপরিদর্শক সজল সাহা বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

গতকাল রাত সাড়ে ১০টায় নগরীর চর কাউয়া জিরো পয়েন্ট এলাকা থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারের ২ রক্ষী নাঈম হোসেন ও হাসনাইনকে ইয়াবাসহ আটক করে বন্দর থানা পুলিশ। পরে নাঈমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে হাসনাইনকে ছেড়ে দেওয়া হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'টহল পুলিশের সন্দেহ হলে কারারক্ষী নাঈম হোসেনকে তল্লাশি করে ৩ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় রাব্বী নামে এক কারারক্ষী পালিয়ে গেলেও অপর কারারক্ষী হাসনাইনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে হাসনাইনকে ছেড়ে দেওয়া হয়।'

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেন্ট প্রশান্ত কুমার কুণ্ডু ডেইলি স্টারকে বলেন, 'আমরা আন-অফিশিয়ালি ঘটনাটি শুনেছি। পুলিশি প্রতিবেদন এলে নাঈমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অন্য কেউ অভিযুক্ত থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।'