উখিয়া ক্যাম্প এলাকা থেকে মিয়ানমারের ২ নাগরিক আটক
কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে মিয়ানমারের ২ নাগরিককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ (এপিবিএন)।
এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তারা হলেন-মিয়ানমারে আকিয়াবের বাসিন্দা সিন গোয়া শো অন (২১) ও কিন লং শো (২৭)।
১৪ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল বুধবার রাত ৯টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট কেন্দ্রের পশ্চিমের রোহিঙ্গা ক্যাম্পের একটি দোকান থেকে তাদের আটক করা হয়।
তিনি বলেন, 'আমরা সন্দেহজনক ২ রাখাইন যুবককে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।'
'তারা হয়তো রোহিঙ্গা ক্যাম্পে কোন আত্মীয়ের কাছে এসেছিলেন। তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ মুহূর্তে আর কিছু বলা যাচ্ছে না,' বলেন তিনি।ক্যাম্পের রোহিঙ্গারা সাংবাদিকদের জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি ঘুমধুমের শূন্য রেখা এলাকা দিয়ে ওই ২ জন বুধবার রাতে মোটরসাইকেলে করে বাংলাদেশে প্রবেশ করে। তারা কুতুপালং ক্যাম্পের সৈয়দ আলমের দোকানে কেনাকাটা করে।
এ সময় তাদের আচরণ সন্দেহজনক মনে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদের আটক করে।
যোগাযোগ করা হলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ ডেইলি স্টারকে বলেন, 'আটক ২ রাখাইন যুবককে এখনো থানায় হস্তান্তর করা হয়নি।'